
জাপানের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার মোতোমাচি কারখানা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় তিনি কারখানাটিতে পৌঁছান। সেখানে টয়োটার প্রথম উৎপাদিত যাত্রীবাহী গাড়ি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
কারখানায় পৌঁছানোর পর টয়োটার কর্মকর্তারা তাঁকে একটি গাড়িতে বসার আমন্ত্রণ জানান। এ সময় স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে গাড়িটিতে ওঠেন তারেক রহমান। পরে তিনি কারখানার গাড়ি সংযোজন বা অ্যাসেম্বলি কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাহিকো মোয়েদা (Masahiko Moeda), টয়োটা সুশো করপোরেশনের মোবিলিটি বিভাগের সিইও শিগেরু হারাদা (Shigeru Harada) এবং প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শিনিচিরো ওতসুকা (Shinichiro Otsuka)। এ ছাড়া টয়োটার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তাঁদের সঙ্গে ছিলেন এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ অন্যরা।
টয়োটার গাড়ি নির্মাণের ইতিহাসে ১৯৩৫ সাল গুরুত্বপূর্ণ। ওই বছর টয়োডা পরিবারের প্রথম গাড়ির নমুনা বা প্রোটোটাইপ তৈরি করা হয়, যার নাম ছিল টয়োডা মডেল এ১। এর পরের বছর, ১৯৩৬ সালে, তৈরি হয় টয়োডা মডেল এএ। এটি ছিল টয়োটার প্রথম উৎপাদিত যাত্রীবাহী গাড়ি। বর্তমানে গাড়িটির একটি প্রতিরূপ জাপানের টয়োটা সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে।
চার দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে জাপানে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।