
থাইল্যান্ডের ভিসা আবেদনে নতুন দুটি শর্ত যুক্ত করা হয়েছে। আগামী সোমবার (৩১ আগস্ট) থেকে নতুন নিয়ম দুটি কার্যকর হবে।
ঢাকার থাই দূতাবাস জানিয়েছে, ৩১ আগস্ট থেকে ‘ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা’ (ডিটিভি) আবেদনকারীদের অতিরিক্ত দুটি নথি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ভিসার জন্য যে দেশ থেকে আবেদন করা হচ্ছে, সেই দেশে আবেদনকারীর স্থায়ী বসবাসের প্রমাণপত্র জমা দিতে হবে। একই সঙ্গে আবেদনকারীর নিজ দেশ অথবা স্থায়ী বসবাসের দেশ থেকে ইস্যু করা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটও দিতে হবে। তবে পুলিশ ক্লিয়ারেন্সের পরিবর্তে আবেদনকারীর কোনো অপরাধমূলক রেকর্ড নেই—এমন সরকারি নথিও গ্রহণযোগ্য হবে।
দূতাবাসের নির্দেশনায় বলা হয়েছে, এসব নথি মূল ভাষার পাশাপাশি ইংরেজিতে অনুবাদ করে জমা দিতে হবে।
ভিসার আবেদন করার আগে প্রয়োজনীয় সব কাগজপত্রের তালিকা ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে থাই দূতাবাস।
ডিটিভি ভিসার আবেদন ও এ-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য থাইল্যান্ডের সরকারি ই-ভিসা পোর্টাল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।