
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন।
সোমবার (১ জুন) সকালে ঈদুল আজহার ছুটি শেষে তিনি পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এতে মন্ত্রণালয়ের নিয়মিত কাজ পরিচালনায় সমস্যা তৈরি হচ্ছিল। তিনি বলেন, সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বিবেচনায় নিজের পদ থেকে সরে দাঁড়ানোই যুক্তিসঙ্গত বলে মনে করেছেন।
তিনি আরও লিখেছেন, বর্তমান শারীরিক অবস্থার কারণে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে, তাই পদত্যাগপত্র গ্রহণের জন্য অনুরোধ জানান।
উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরে ১৭ ফেব্রুয়ারি তিনি মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন।
রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া দীপেন দেওয়ান দীর্ঘদিন বিচার বিভাগীয় চাকরিতে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি সরকারি চাকরি ছেড়ে সরাসরি রাজনীতিতে যুক্ত হন এবং বিএনপিতে সক্রিয় ভূমিকা রাখেন।
মাত্র সাড়ে তিন মাসের মাথায় শারীরিক কারণে মন্ত্রিত্ব ছাড়ার এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।