
পারমাণবিক নিরস্ত্রীকরণ ও অস্ত্র বিস্তার রোধে বৈশ্বিক অঙ্গীকার নবায়ন এবং সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বুধবার (২৯ এপ্রিল) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) ১১তম পর্যালোচনা সম্মেলনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।
বক্তব্যে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, জাতিসংঘ প্রতিষ্ঠার আট দশক পেরিয়ে গেলেও এখনো পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব প্রতিষ্ঠা সম্ভব হয়নি। পারমাণবিক অস্ত্রের অব্যাহত বিস্তার আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে এবং এটি বৈশ্বিক উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে।
রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের অস্ত্র নিরস্ত্রীকরণের পক্ষে অবস্থান নিয়ে আসছে। একটি পারমাণবিক অস্ত্রধারী অঞ্চলে অবস্থান করেও বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে তার অবস্থান বজায় রেখেছে।
তিনি এনপিটির ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলোকে তাদের আইনগত বাধ্যবাধকতা পূরণের আহ্বান জানান। পাশাপাশি নিরস্ত্রীকরণ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তিগুলো সর্বজনীনভাবে কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, গঠনমূলক সংলাপ, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং সম্মিলিত বৈশ্বিক উদ্যোগের মাধ্যমে পারমাণবিক অস্ত্রবিহীন একটি নিরাপদ বিশ্ব গড়তে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ।