
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধরের মামলায় গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে হাজিরা দিতে গিয়ে নতুন বিতর্কে জড়ান চিত্রনায়িকা পরীমনি। আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ তুলে তাকে গালমন্দ ও হুমকি দেন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়। পরে বিষয়টি দেশজুড়ে আলোচনায় আসে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে পরীমনির আচরণের সমালোচনা করেন অনেকে। এবার এ বিষয়ে নিজের মতামত জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা খান।
তিনি বলেন, রাগের মাথায় কেউ কেউ গালিগালাজ করে ফেলেন, তবে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমের মাধ্যমেই শিল্পীরা পরিচিতি ও সুনাম অর্জন করেন। একইভাবে গণমাধ্যমের কারণেই তাদের দুর্নামও ছড়িয়ে পড়ে। তাই শিল্পীদের এমন কোনো কথা বলা বা আচরণ করা উচিত নয়, যার দায় পুরো শিল্পীসমাজের ওপর এসে পড়ে।
পরীমনির আচরণকে পুরো শিল্পীসমাজের জন্য লজ্জাজনক উল্লেখ করে রিনা খান আরও বলেন, ‘আমি কেন হাজার হাজার মানুষের সামনে খারাপ কথা বলব? এটা তো একজন শিল্পীর না, পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক। এটা ঠিক হয়নি, কালকে আমি দেখেছি নিউজটা। তবে এভাবে গালাগালি করা উচিত না। আমি অলঅভার শিল্পীদের কথাই বলছি যে, আপনার কোনো ক্ষোভ থাকলে আপনি তাকে আলাদা ডেকে নিয়ে বলতে পারেন।’