
২৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলে সমালোচকদের ব্যাট হাতেই জবাব দিয়েছেন তাওহীদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ ৮ উইকেটে হারলেও সিলেট টেস্টের প্রথম ইনিংসে অনবদ্য পারফরম্যান্সে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই ব্যাটার।
প্রথম টেস্টের দুই ইনিংসেই ব্যর্থতার পরিচয় দেন বাংলাদেশের ব্যাটাররা। বিশেষ করে তাওহীদ হৃদয় ও তানজিদ তামিমের বাজে আউট নিয়ে সমালোচনা হয়। আলোচনার কেন্দ্রে ছিল দুই ইনিংসেই একইভাবে হৃদয়ের উইকেট বিলিয়ে দেওয়ার বিষয়টি।
প্রথম ইনিংস শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, হৃদয় শক্তভাবে ঘুরে দাঁড়াবেন। সেই কথারই যেন প্রমাণ দিলেন সিলেট টেস্টের প্রথম ইনিংসে ২৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলে।
চতুর্থ দিন শেষে আজ রোববার সংবাদ সম্মেলনে এসে হৃদয় বলেন, সমালোচনা থাকবেই। তবে সমালোচনা থেকে শেখারও অনেক কিছু রয়েছে।
তিনি বলেন, ‘কোনো পেশাতেই সমালোচনা থাকবে। ভালো করলে আপনারাই আমাদের নিয়ে ইতিবাচক কথা বলেন। খারাপ করলে আপনারাই বলবেন—এটাই স্বাভাবিক। সমালোচনা থেকে অনেক কিছু শেখার আছে।’
নিজের সেঞ্চুরি ও ব্যক্তিগত অর্জন নিয়ে হৃদয় বলেন, ‘এটা আমার রিজিকে ছিল। কাকে ছাড়িয়ে যাচ্ছি, সেই চিন্তা করিনি। আমার চিন্তা ছিল দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়া। আমি সেট হয়েছিলাম, দিন ভালো ছিল, আর বল ব্যাটে লাগছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে দলের জন্য অবদান রাখতে পেরেছি।’