
একদিকে ‘রামায়ণ’ সিনেমার সাফল্য, অন্যদিকে মেয়ের জন্মদিন—দুই আনন্দ একসঙ্গে উদ্যাপন করছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। গত ৬ নভেম্বর চার বছরে পা দিয়েছে তাদের মেয়ে রাহা।
বিশেষ দিনটি পরিবারের সঙ্গে উদ্যাপনের কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন আলিয়া। ইনস্টাগ্রামে দেওয়া ছবিগুলোর একটিতে দেখা যায়, মা-বাবার সঙ্গে জন্মদিনের কেক কাটছে রাহা। অন্য ছবিতে রয়েছে জন্মদিনের আয়োজন এবং মা-মেয়ের একান্ত সময় কাটানোর দৃশ্য।
ছবির ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘সে চার বছরে পা দিল’ এবং ‘ব্লেসড’। মেয়ের জন্মদিনের আনন্দের পাশাপাশি স্বামী রণবীরের কাজের প্রতিও ভালোবাসা ও প্রশংসা প্রকাশ করেছেন অভিনেত্রী।
‘রামায়ণ’ সিনেমার সেট থেকে রণবীর ও রাহার দুটি নেপথ্যের ছবিও পোস্ট করেন তিনি। আলিয়ার ভাষ্য, সিনেমাটির জন্য রণবীর নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন। একই সঙ্গে মেয়ের জন্যও রেখেছেন অফুরন্ত ভালোবাসা ও সময়। তাঁর মতে, কিছু গল্প আমাদের সবার চেয়েও বড়; ‘রামায়ণ’ তেমনই একটি গল্প।
নমিত মালহোত্রার প্রযোজনায় নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ওয়ান’ গত ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। লক্ষ্মণের ভূমিকায় রয়েছেন রবি দুবে, হনুমানের চরিত্রে সানি দেওল এবং জটায়ুর কণ্ঠ দিয়েছেন অনুপম খের।
দুই পর্বে নির্মিত মহাকাব্যনির্ভর সিনেমাটি চলতি বছরের অন্যতম আলোচিত বড় বাজেটের চলচ্চিত্র। মুক্তির প্রথম সপ্তাহান্তে বিশ্বজুড়ে ২২১ কোটি ৫ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।