
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন জেঁকে বসছে শীত। হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। এর সঙ্গে ঘন কুয়াশা যোগ হওয়ায় জনজীবনে দুর্ভোগ বেড়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। আগের দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে ভোর থেকে সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় ঢেকে থাকছে। সকাল ও সন্ধ্যার পর কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় সড়ক ও মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। সূর্যের দেখা না মেলায় শীতের অনুভূতিও বাড়ছে।
শীত ও কুয়াশায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। দিনমজুর, চা শ্রমিক, পাথর শ্রমিকসহ খেটে খাওয়া মানুষ শীতের কারণে নিয়মিত কাজে যেতে পারছেন না। এতে কমে গেছে তাঁদের দৈনিক আয়। অনেক পরিবার সংসারের খাবার জোগাড় করতেও হিমশিম খাচ্ছে। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অসহায় ও দরিদ্র মানুষের রাত কাটছে চরম কষ্টে।
স্থানীয়রা শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। দ্রুত শীতবস্ত্র বিতরণ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত না করা হলে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
এদিকে, তীব্র শীত ও টানা কুয়াশায় শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানা গেছে।
জেলার চৌরঙ্গী মোড়ের ভ্যানচালক সফিজুল আলী বলেন, ‘শীতের কারণে আমাদের আয় কমে গেছে। শীতের কারণে যাত্রী পাচ্ছি না আমরা।’
একই ধরনের দুর্ভোগের কথা জানান চা শ্রমিক মাসুদ ইসলাম। তিনি বলেন, ‘অনেক শীত পড়েছে আজ। চা বাগানে পাতা কাটতে অনেক কষ্ট হচ্ছে। আমাদের কেউ খোঁজখবর নিচ্ছে না।’
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমেল বাতাস ও কনকনে ঠান্ডার কারণে শীতের তীব্রতা বাড়ছে। আগামী কয়েক দিন সকাল ও সন্ধ্যায় ঘন কুয়াশা থাকতে পারে। একই সঙ্গে তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।