.jpeg)
‘স্বপ্ন দেখি বিজয়ের, প্রস্তুতি নিই মাঠে—আগামীর ক্রীড়া প্রতিভা গড়ে উঠুক মাটিরাঙ্গার মাটিতে’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি। মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে নতুন ক্রীড়া প্রতিভা গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এই একাডেমি।
এ উপলক্ষে বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মাটিরাঙ্গা মিনি স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে একাডেমিটির উদ্বোধন করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য নারায়ণ ত্রিপুরা।
উদ্বোধন উপলক্ষে নোয়াখালী খোকন ফুটবল একাডেমি ও মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমির মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি ২-০ গোলে জয়লাভ করে।
মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমির পরিচালক ও পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, খাগড়াছড়ি ফুটবল একাডেমির সভাপতি তুহিন কুমার দে, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল এবং পৌর ছাত্রদলের সাবেক সভাপতি নূর মোহাম্মদ রাব্বি।
এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়ামোদী দর্শকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল কাজল বলেন, এই একাডেমির মাধ্যমে মাটিরাঙ্গার তরুণদের খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়বে। ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সচেতন মহল ও তরুণ খেলোয়াড়দের মতে, এ উদ্যোগ পাহাড়ি অঞ্চলের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করবে। পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা খুঁজে বের করার সুযোগ তৈরি হবে।
একাডেমিটিতে ফুটবল, ক্রিকেট, সাঁতার, কারাতে ও অ্যাথলেটিকসসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ থাকবে। স্থানীয় শিশু-কিশোর ও তরুণরা অভিজ্ঞ কোচদের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলন করতে পারবেন।
আয়োজকদের প্রত্যাশা, নিয়মিত প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে মাটিরাঙ্গা থেকে জাতীয় পর্যায়ের নতুন নতুন ক্রীড়া প্রতিভা উঠে আসবে। দেশের ক্রীড়াঙ্গনে ছড়িয়ে পড়বে মাটিরাঙ্গার নাম।