
আগামী ডিসেম্বর মাসে নেপালে অনুষ্ঠিত হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের প্লে-অফ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ প্রতিযোগিতার সূচি ও আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছে।
আগামী ৪ ডিসেম্বর স্বাগতিক নেপাল ও ইতালির মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে প্লে-অফের লড়াই। ত্রিভুবন ইউনিভার্সিটি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই দিনে মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে নামিবিয়া ও উগান্ডা।
প্লে-অফে অংশ নেওয়া অন্য চারটি দল হলো কানাডা, কুয়েত, জার্সি ও সংযুক্ত আরব আমিরাত। সব মিলিয়ে আটটি দল ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের মূল বাছাইপর্বে খেলার বাকি চারটি স্থানের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।
১০ দলের বিশ্বকাপ বাছাইপর্বে ইতোমধ্যে জায়গা নিশ্চিত করেছে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে আয়োজক দেশ হিসেবে সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়া আট দলের বাইরে র্যাংকিংয়ে এগিয়ে থাকা দুটি দল হিসেবে বাছাইপর্বে খেলবে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
অন্যদিকে, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ থেকে বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও ওমান।
১০ দলের এই বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে। আর বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দলগুলো অংশ নেবে সুপার সিরিজে।