
তাওহিদ হৃদয়ের ব্যাটে সিলেট টেস্টে ব্যক্তিগত মাইলফলক এসেছে, কিন্তু দলীয় বিপর্যয় ঠেকানো যাচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় দিনে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। এর মধ্যেই ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন হৃদয়।
শনিবার দিনের খেলা শুরুতে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৮৮ রান। আগের দিনের ২৯ রানে অপরাজিত হৃদয়কে সঙ্গ দিচ্ছিলেন মুশফিকুর রহিম। জুটি ভাঙে মুশফিক ৩৪ রান করে ফিরলে। এরপর লিটন দাসকে নিয়ে ইনিংস সামলানোর চেষ্টা করেন হৃদয়। এই পথেই প্রথম টেস্ট ফিফটি পূর্ণ করেন তিনি।
তবে লিটনের আক্রমণাত্মক ব্যাটিং বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুটি বাউন্ডারি হাঁকানোর পর ওয়ারিকানের বলে ড্রাইভ করতে গিয়ে কাভারে ব্রেন্ডন কিংয়ের হাতে ক্যাচ দেন ৮ রান করা এই ব্যাটার। মেহেদী হাসান মিরাজও দলের হাল ধরতে পারেননি; ১৬ রান করে বিদায় নেন।
উইকেটের পতন অব্যাহত থাকলেও একপ্রান্তে অবিচল ছিলেন হৃদয়। ১১টি চার ও একটি ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি।