
সাফের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে ২-৩ গোলে হেরে চাপে পড়েছিল পাকিস্তান। টুর্নামেন্টে টিকে থাকতে গ্রুপের দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না তাদের সামনে। সেই ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান।
ঢাকা জাতীয় স্টেডিয়ামে আজ ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় পাকিস্তান। নিজেদের বক্সে মিকাইল অরুণ আব্দুল্লাহকে ফাউল করেন মালদ্বীপের ডিফেন্ডার মোহাম্মদ নাঈম। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন আব্দুল্লাহ।
সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন নাজিব উল্লাহ। বক্সের কোণা থেকে দুর্দান্ত শটে বল জালে পাঠান তিনি। ২৪ মিনিটে মালদ্বীপের ডিফেন্ডারের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন নাজিব।
প্রথমার্ধে পাওয়া তিন গোলের লিড শেষ পর্যন্ত ধরে রাখে পাকিস্তান। বিরতির পর খেলোয়াড় পরিবর্তন করেও ম্যাচে ফিরতে পারেনি মালদ্বীপ। ৬৬ মিনিটে মোহাম্মদ নাঈমের নিচু শট ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক ও অধিনায়ক ইউসুফ ইয়াজ বাট। পরের মিনিটে মালদ্বীপ বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।
গোল ব্যবধানে এগিয়ে পাকিস্তান
তিন দলের গ্রুপে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। পাকিস্তান ইতোমধ্যে দুই ম্যাচ শেষ করেছে। তাদের সংগ্রহ ৩ পয়েন্ট, গোল ব্যবধান +২। ভারতের এক ম্যাচে ৩ পয়েন্ট ও গোল ব্যবধান +১। অন্যদিকে মালদ্বীপের পয়েন্ট শূন্য, গোল ব্যবধান -৩।
আগামী ১১ নভেম্বর মালদ্বীপের মুখোমুখি হবে ভারত। ওই ম্যাচে মালদ্বীপ জিতলেও পাকিস্তানের সেমিফাইনাল নিশ্চিত থাকবে। এমনকি তিন দলের পয়েন্ট সমান হয়ে গেলেও গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে পাকিস্তানের অবস্থান বদলাবে না।
সাফের বাইলজের ২০ অনুচ্ছেদ অনুযায়ী, দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হলে প্রথমে হেড টু হেড এবং পরবর্তী ধাপে গোল ব্যবধান বিবেচনা করা হয়। তিন দলের পারস্পরিক ফলাফলে সমতা তৈরি হলে গোল ব্যবধানের হিসাবেই এগিয়ে থাকবে পাকিস্তান।
ফলে গ্রুপের শেষ ম্যাচের ফল যাই হোক, সেমিফাইনালে ওঠা নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের।