
জুলাই আন্দোলনের সময় সংঘটিত দুটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা এ দুই মামলায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ঘিরে দায়ের করা তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
এই পাঁচ মামলায় গত বছরের ৯ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান তিনি। তবে ওই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদন বর্তমানে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
একই দিন আরও পাঁচ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেন। পৃথক ওই পাঁচ মামলায় গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান আইভী।
পরবর্তীতে এসব জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে চেম্বার আদালত তার জামিন স্থগিত করেন এবং আবেদনগুলো আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এ বিষয়ে আদেশের জন্য আগামী ৩ মে দিন ধার্য রয়েছে।
এ অবস্থায় সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখাতে পুলিশ আবেদন করে। একটি মামলায় ২ মার্চ এবং অন্য মামলায় ১২ এপ্রিল নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
সর্বশেষ ওই দুই মামলাতেই হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন।