ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় তুলে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার পর শান্ত বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী দুই নারী পেশায় নৃত্যশিল্পী। একটি বিয়ের অনুষ্ঠানে নাচ পরিবেশনের জন্য ৯ হাজার টাকায় চুক্তি অনুযায়ী গত ১০ সেপ্টেম্বর বিকেলে তাঁরা দলের সদস্যদের নিয়ে সরাইলে আসেন। এ সময় রাকিব নামে এক ব্যক্তি তাঁদের গ্রহণ করে শাহবাজপুর সেতুর নিচে নিয়ে যান।
এজাহারে অভিযোগ করা হয়, সেখানে রাকিবসহ আরও পাঁচজন দুই নারীকে একটি ইঞ্জিনচালিত নৌকায় তুলে তিতাস নদীর মাঝামাঝি এলাকায় নিয়ে যান। সেখানে দুই নারীকে ধর্ষণ করা হয় বলে তাঁরা অভিযোগ করেন।
এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে দলের পুরুষ সদস্য সাইদ হোসেনকে ছুরি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলায় আরও অভিযোগ করা হয়, রাত ৮টার দিকে ভুক্তভোগী দুই নারীকে নাসিরনগর থানার গোকর্ণঘাট এলাকায় নামিয়ে দিয়ে অভিযুক্তরা পালিয়ে যান।
ঘটনার পর বিষয়টি প্রথমে নাসিরনগর থানায় জানানো হয়। তবে ঘটনাস্থল সরাইল থানার আওতাধীন হওয়ায় সেখানে মামলা করার পরামর্শ দেয় পুলিশ। পরে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর সরাইল থানায় মামলা করা হয়।
সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, শান্ত বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে তাঁদের গ্রেপ্তার করা হবে।