
আজ ১৫ নভেম্বর। ১৯ বছর আগে ২০০৭ সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছিল দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা পিরোজপুর। সেদিন জেলায় প্রায় দেড় লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়। প্রাণ হারান চার শতাধিক মানুষ।
তবে সিডরের আঘাতে ভেঙে যাওয়া অনেক বেড়িবাঁধ দীর্ঘ ১৯ বছরেও সংস্কার করা হয়নি। নতুন করে নির্মাণ করা হয়নি কোনো টেকসই বেড়িবাঁধও। ফলে নদীপাড়ের লক্ষাধিক মানুষের দিন কাটছে প্রাকৃতিক দুর্যোগের আতঙ্ক ও দুশ্চিন্তায়।
২০০৭ সালের ১৫ নভেম্বর ছিল বৃহস্পতিবার। সারাদিন বৃষ্টির পর রাত ১২টার দিকে বাড়তে শুরু করে বাতাসের তীব্রতা। রাত ২টার দিকে শুরু হয় ঘূর্ণিঝড় সিডরের ভয়াবহ তাণ্ডব। নদীর জোয়ার ও প্রলয়ঙ্করী বাতাসে পিরোজপুর জেলায় প্রায় দেড় লাখ ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। প্রাণ হারান পাঁচ শতাধিক মানুষ। সেদিন কঁচা, বলেশ্বর ও সন্ধ্যা নদীর পানির প্রবল স্রোত মুহূর্তের মধ্যেই ভাসিয়ে নিয়ে যায় সবকিছু।
জেলার মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া, ক্ষ্যাতা চিড়া, মাঝের চরসহ ভান্ডারিয়া, জিয়ানগর উপজেলার বিভিন্ন এলাকা এবং সদর উপজেলার কঁচা নদীপাড়ের মানুষ ভয়াবহ ক্ষতির শিকার হন। এ ছাড়া উপকূলীয় জেলা পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরাসহ বেশ কয়েকটি জেলায় সিডরের আঘাতে প্রাণহানির ঘটনা ঘটে।
বিভিন্ন পত্রপত্রিকার তথ্য অনুযায়ী, সিডরের আঘাতে পিরোজপুরের সাত উপজেলায় প্রাণ হারান ৪০৯ জন। ক্ষতিগ্রস্ত হন ১১ লাখ ৪৩ হাজার ৮৭১ জন। সম্পূর্ণ বিধ্বস্ত হয় ৫৪ হাজার ৪১৬টি ঘরবাড়ি। নষ্ট হয় ১১ হাজার ৭৪৬ হেক্টরের বেশি জমির ফসল। এ ছাড়া জেলার ৭৩ দশমিক ৭০ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ এবং ১৪৭ দশমিক ০৯ কিলোমিটার আংশিক ক্ষতিগ্রস্ত হয়। বিধ্বস্ত হয় অসংখ্য সড়ক, সেতু, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা।
জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন। সিডরের সেই ভয়াল দিনে এই ইউনিয়নে প্রাণ হারান ৫৭ জন। বলেশ্বর নদের তীরবর্তী বেপশাবুনিয়া গ্রামের শিশু রাব্বিও সেদিন ঘরের নিচে চাপা পড়ে মারা যায়। দীর্ঘ ১৯ বছর পেরিয়ে গেলেও সন্তান হারানোর সেই বেদনা ভুলতে পারেননি তার মা হনুফা ও পরিবারের অন্য সদস্যরা।
ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছর পেরিয়ে গেলেও পিরোজপুরের মঠবাড়িয়া, জিয়ানগর, ভান্ডারিয়া ও সদর উপজেলার নদীপাড়ের মানুষের আতঙ্ক কাটেনি। এখনো সেই ভয়াল রাতের কথা মনে পড়লে আঁতকে ওঠেন নদীতীরের বাসিন্দারা। কঁচা, বলেশ্বর ও সন্ধ্যা নদীর দুই তীরে পর্যাপ্ত ও টেকসই বেড়িবাঁধ গড়ে ওঠেনি। ফলে জোয়ারের পানি কিংবা সামান্য বৃষ্টিতেই প্লাবিত হয় নিম্নাঞ্চল।
মঠবাড়িয়া, জিয়ানগর ও ভান্ডারিয়ার বিভিন্ন জনপদে নদীভাঙন এবং অরক্ষিত বেড়িবাঁধের কারণে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন লক্ষাধিক মানুষ। বছরের পর বছর পার হলেও টেকসই বাঁধ নির্মাণের কোনো দৃশ্যমান স্থায়ী সমাধান হয়নি। ফলে এসব এলাকার মানুষকে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে।
জিয়ানগর উপজেলার বিভিন্ন এলাকা, সদর উপজেলার কঁচা নদীর তীরবর্তী অঞ্চল এবং মঠবাড়িয়ার কয়েকটি জায়গা ঘুরে দেখা গেছে, ঘূর্ণিঝড় সিডরে এসব এলাকা প্লাবিত হওয়ার অন্যতম কারণ ছিল বেড়িবাঁধ ভেঙে যাওয়া। সিডরের ১৯ বছর পরও অনেক ভাঙা বেড়িবাঁধ মেরামত করা হয়নি। সিডরের পর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এসব বাঁধের কারণে বর্ষা মৌসুমসহ পরবর্তী ঘূর্ণিঝড়গুলোতেও প্রায়ই ক্ষতির মুখে পড়ছেন নদীপাড়ের কয়েক লাখ মানুষ। বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণ না হলে উপকূলীয় জেলা পিরোজপুরের বাসিন্দারা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা রয়েছে।
জিয়ানগর উপজেলার বেপশাবুনিয়া গ্রামের মৃত রাব্বির মা হনুফা বেগম বলেন, ‘সিডরে আমার সব শেষ হইয়া গেছে। আমার সন্তানকে হারাইছি। বন্যায় আমাগো এলাকার অনেক মানুষ মারা গেছে। সিডরের পরে আরও অনেক ঘূর্ণিঝড় হইছে। ওই সব ঘূর্ণিঝড়ে আমাগো বাড়িঘর তলাইয়া গেছে। গত বছরেও যে বন্যাটা হইছে, গলা সমান পানি হইছে। আমাগো এই জায়গায় কোনো বেড়িবাঁধ নাই। আমাগো বেড়িবাঁধ দরকার।’
জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের কঁচা নদীপাড়ের বাসিন্দা আবুল কালাম বলেন, ‘সাত সালের বন্যায় আমাগো সবকিছু ভাসাইয়া লইয়া গেছে। সিডরে আমাগো ঘর ভাইঙ্গা পড়ছে। ঘরের নিচে আমি চাপা পড়ছিলাম। রাত ২টার দিকে অনেক বাতাস শুরু হইছে। মুহূর্তের মধ্যে সবকিছু ধ্বংস হইয়া গেছে। নদীর পানি অনেক উঁচায় উইঠা গেছে। নদীর বাঁধভাঙা পানিতে সব ঘরবাড়ি তলাইয়া গেছে। আজ পর্যন্ত বেড়িবাঁধ সংস্কার হয় নাই।’
একই এলাকার বাসিন্দা মিনারা বেগম বলেন, ‘সিডরের পরে আরও অনেক বন্যা হইছে, কিন্তু টেকসই কোনো বাঁধ দেওয়া হয় নাই। এর জন্য প্রতিবছর ঘূর্ণিঝড় হইলেই আমাগো ঘরবাড়ি, চুলা সবকিছু তলাইয়া যায়। আমরা নদীপাড়ে বাস করি। আমাগো যদি ভালো বেড়িবাঁধ না থাকে, তাহলে তো দুর্ভোগ কমবে না।’
পিরোজপুর সদর উপজেলার কৈবর্তখালী গ্রামের নদীপাড়ের মসজিদের ইমাম রফিকুল ইসলাম বলেন, ‘আমাগো দুঃখের শেষ নাই। এত পরিমাণ নদীভাঙন, কিন্তু সরকার দেখে না। মাইয়া-পোলা ঠিকমতো স্কুল-মাদ্রাসায় যাইতে পারে না। এ বছর মনে হয় মসজিদটাও আর থাকবে না, নদীতে চলে যাবে। আমাদের এলাকায় ভালো একটা সাইক্লোন সেন্টারও নাই, যে বন্যা হইলে সেইখানে যাইয়া থাকমু। সরকারের কাছে দাবি জানাই, আমাগো একটা টেকসই বেড়িবাঁধ নির্মাণ কইরা দেওয়া হোক।’
জেলে আজমল খান বলেন, ‘আমাগো এলাকায় আগে অনেক মানুষ থাকত, কিন্তু এখন থাকে না। থাকবে কেমনে? জায়গাজমি যতটুকু ছিল, সব নদীতে চইলা গেছে। সিডরের সময় আমাগো ঘরবাড়ি সব শেষ হয়ে গেছে। জোয়ার হইলে পানিতে সব তলাইয়া যায়। বন্যার সময় আমাদের কোথাও যাওয়ার জায়গা থাকে না। নদীভাঙন যেভাবে হইতাছে, তাতে আর থাকা যাইবে না। মাইয়া-পোলা লইয়া অন্যখানে চইলা যাইতে হবে।’
পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে বহু মানুষের প্রাণহানি ঘটে এবং অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হয়। রেড ক্রিসেন্ট নিজস্ব ও বিদেশি তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ করে দিয়েছিল। তিনি নিজেও সরেজমিনে এলাকা পরিদর্শন করেছেন এবং সিডর-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছেন। এ ছাড়া বিভিন্ন সংস্থা দ্রুত সিডরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছিল। বর্তমানে যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় রেড ক্রিসেন্ট সোসাইটির পিরোজপুর ইউনিটের সব ধরনের প্রস্তুতি রয়েছে।
পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রীতম কুমার সরকার বলেন, ২০০৭ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে পিরোজপুর জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এর মধ্যে বেশ কিছু বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী সময়ে ইন্দুরকানী ও হুলারহাটের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পুনর্নির্মাণ করা হয়েছিল। এসব বাঁধ এফসিডিআই বেড়িবাঁধ নামে পরিচিত।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুন্নয়ন রাজস্ব খাত থেকে শংকরপাশা ও শারিকতলায় কয়েকটি বেড়িবাঁধ ইতোমধ্যে মেরামত করা হয়েছে। সামনে সন্ধ্যা, কঁচা ও বলেশ্বর নদীর ওপর একটি সমীক্ষা পরিচালনার কাজ চলছে। এ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। সমীক্ষা প্রতিবেদনে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো পুনর্নির্মাণের সুপারিশ করা হবে।
পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, ২০০৭ সালের সিডরে পিরোজপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এরপর থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতার অংশ হিসেবে একটি নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে।
তিনি বলেন, কোনো দুর্যোগের ঘটনা ঘটলে ২৪ ঘণ্টার মধ্যে যাদের নিরাপদ আশ্রয়ে নেওয়া প্রয়োজন, তাদের জন্য জেলাজুড়ে ৪০০টির বেশি সাইক্লোন সেন্টার রয়েছে। এসব কেন্দ্র সব সময় চালু থাকে। সাইক্লোন সেন্টারগুলোর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়। এ ছাড়া সিডরে ক্ষতিগ্রস্ত সড়ক, ঘাট ও বেড়িবাঁধের বড় একটি অংশ ইতোমধ্যে মেরামত করা হয়েছে। যেসব কাজ এখনো বাকি রয়েছে, সেগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
পিরোজপুরে সিডরের পর ফণী, আইলা, আম্ফানসহ বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে। এরপরও অনেক ভাঙা বেড়িবাঁধ সংস্কার করা হয়নি। ফলে নদীপাড়ের মানুষের জীবন এখনো কাটছে আতঙ্ক ও অনিশ্চয়তায়।