
ভারতের স্বাধীনতা দিবসের একদিন আগে দিল্লি হাইকোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আগামীকাল ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির পাশাপাশি মুম্বাই, চেন্নাই, কলকাতাসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।
শুক্রবার (১৪ আগস্ট) দিল্লি পুলিশ জানায়, ই-মেইলের মাধ্যমে দিল্লি হাইকোর্টে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর রাজধানীজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
হুমকির পর দিল্লির প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে শুরু হয়েছে কড়া তল্লাশি। গুরুত্বপূর্ণ স্থাপনা, স্পর্শকাতর এলাকা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে বাড়ানো হয়েছে নজরদারি।
প্রতিবারের মতো এবারও স্বাধীনতা দিবসে ঐতিহাসিক লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ গুরুত্বপূর্ণ কর্মসূচির ঠিক আগমুহূর্তে হাইকোর্টে বোমা হামলার হুমকি আসায় রাজধানীর নিরাপত্তা ব্যবস্থায় আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
এর আগে গত ৩ আগস্ট দিল্লির মেয়রের কার্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি ই-মেইল পাঠানো হয়েছিল। তখনও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত নিরাপত্তা প্রোটোকল কার্যকর করেছিল পুলিশ প্রশাসন।
স্বাধীনতা দিবসের আগে দিল্লিতে পরপর এ ধরনের হুমকিমূলক ই-মেইল পাঠানোর ঘটনায় উদ্বিগ্ন তদন্তকারীরা। এসব বার্তার পেছনে কারা রয়েছে এবং হুমকিগুলো কতটা বাস্তবসম্মত, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।