
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে আয়োজন এবং জনগণের কাছে এর নিরপেক্ষতা দৃশ্যমান করতে জেলা ও মেট্রোপলিটন এলাকায় ভিজিল্যান্স ও অবজারভেশন টিম গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি জানিয়েছে, জেলা ও মেট্রোপলিটন পর্যায়ে রিটার্নিং অফিসারের নেতৃত্বে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বেসরকারি পর্যায়ের দলনিরপেক্ষ বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে এসব টিম গঠন করা হয়েছে। একইভাবে উপজেলা ও মেট্রোপলিটন এলাকায় সহকারী রিটার্নিং অফিসারের নেতৃত্বেও পৃথক ভিজিল্যান্স ও অবজারভেশন টিম কাজ করবে।
এ ছাড়া রিটার্নিং অফিসারের নেতৃত্বে সহকারী রিটার্নিং অফিসার এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিনিধিদের সমন্বয়ে নির্বাচন মনিটরিং টিম গঠন করা হয়েছে, যা নির্বাচনী কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর কর্মকাণ্ডে সমন্বয় ও সুসংহতকরণের লক্ষ্যে রিটার্নিং অফিসারের নেতৃত্বে একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপতথ্য পর্যবেক্ষণ এবং সমন্বয়ের জন্য পৃথক আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেলও গঠন করা হয়েছে। এসব সেলে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা যুক্ত রয়েছেন।
ইসি বলছে, নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সমন্বিতভাবে এসব টিম ও সেল কাজ করবে।