
বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার এবং দেশের বিমান খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে উভয় দেশ।
সোমবার (২২ জুন) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো (Antonio Alessandro)।
বৈঠকে দেশের প্রবাসী নাগরিকদের যাতায়াত ও সার্বিক সুবিধার্থে ঢাকা-রোম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সংখ্যা (ফ্রিকুয়েন্সি) বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন মাননীয় মন্ত্রী আফরোজা খানম। ইতালির রাষ্ট্রদূত বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং ফ্লাইট ফ্রিকুয়েন্সি বৃদ্ধির ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন। এছাড়া, ইতালির অর্থনীতিতে প্রায় ২.৫ লক্ষ প্রবাসী বাংলাদেশী কর্মীর অসামান্য অবদানের কথা উল্লেখ করে বাংলাদেশকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত।
সাক্ষাৎকালে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ও প্রযুক্তিগত মানোন্নয়নে ইতালীয় প্রতিষ্ঠান The Edge Company-এর পক্ষ থেকে 'বার্ড কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম' (BCMS) তৈরির আগ্রহের কথা ব্যক্ত করেন। একই সাথে, বাংলাদেশী এভিয়েশন টেকনিশিয়ানদের আন্তর্জাতিক মানের উন্নত প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে Flyon Aero কোম্পানির একটি বিশেষ প্রশিক্ষণ একাডেমি স্থাপনের আগ্রহের বিষয়টিও মন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন।
মন্ত্রী দেশের বিমান খাতের আধুনিকায়নে ইতালির এই প্রযুক্তিগত ও প্রশিক্ষণ সংক্রান্ত প্রস্তাবগুলোকে স্বাগত জানান এবং বিমানবন্দর সম্প্রসারণে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে বিদেশী বিনিয়োগের সম্ভাবনার বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা করেন।
ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের আগে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিঙ্গাপুরের খ্যাতনামা প্রতিষ্ঠান SATS-এর একটি প্রতিনিধি দল।
সাক্ষাতকালে প্রতিনিধি দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের (Terminal 3) গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশ নেওয়ার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করে। মাননীয় মন্ত্রী তাদের এই আগ্রহকে সাধুবাদ জানান এবং নির্ধারিত ও যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আনুষ্ঠানিক প্রস্তাব (Proposal) আহ্বানের পরামর্শ দিয়ে তা বিবেচনার আশ্বাস প্রদান করেন।
বৈঠকেই উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।