
ভোলায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১ জুন) রাতে ভুক্তভোগীর মেয়ের দায়ের করা মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত সজিব তেলিকে আটক করা হয়। তিনি ভোলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালিখোলা এলাকার বাসিন্দা।
সোমবার (২২ জুন) ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পর গভীর রাতে ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের তুলাতুলি বাজারসংলগ্ন এলাকায় তার চাচার বাড়ি থেকে সজিবকে গ্রেফতার করা হয়। তাকে সোমবার আদালতে পাঠানো হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী বৃদ্ধার ছেলে প্রবাসে থাকেন। কয়েক বছর আগে তিনি শ্বশুরবাড়ির পাশেই জমিসহ একটি বসতঘর কিনে সেখানে তার মা ও স্ত্রীকে রেখে বিদেশে চলে যান। অভিযুক্ত সজিব তেলি ওই পরিবারের আত্মীয় হওয়ায় মাঝেমধ্যে সেখানে যাতায়াত করতেন।
অভিযোগ অনুযায়ী, শনিবার রাতে সজিব ওই বাড়িতে অবস্থান করেন। পরে গভীর রাতে বাড়ির অন্য সদস্যরা ঘুমিয়ে পড়লে তিনি বৃদ্ধাকে ধর্ষণ করেন। ঘটনার পর ভোরের দিকে সেখান থেকে চলে যান।
পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। তবে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে রোববার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।