
রাজধানীজুড়ে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে ব্যস্ত দিন কাটাতে যাচ্ছে বিএনপি। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার ছয়টি স্থানে জনসভায় বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
তিনি জানান, ৮ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তরের ছয়টি সংসদীয় আসনে ধারাবাহিক জনসভায় অংশ নেবেন তারেক রহমান। দিনের প্রথম জনসভা শুরু হবে দুপুর ২টায়, ঢাকা-১৭ আসনের নিজ নির্বাচনি এলাকা ইসিবি চত্বরে।
এরপর তারেক রহমান বক্তব্য দেবেন ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে দুপুর ২টা ৪০ মিনিটে। বিকেল সাড়ে ৩টায় ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বরসংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে পরবর্তী জনসভা।
সূচি অনুযায়ী, বিকাল ৪টা ২০ মিনিটে ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে, ৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে এবং সর্বশেষ সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনের বাড্ডা সাতারকুলের সানভ্যালি মাঠে জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান।