
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই দেশে প্রথম ‘সবুজ বিপ্লবের’ ডাক দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, খাল খনন কর্মসূচি এবং ব্যাপক বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে জিয়াউর রহমান মানুষকে প্রকৃতিপ্রেম ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার শিক্ষা দিয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর উত্তরার নওয়াব হাবিবউল্লাহ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ঢাকা-১৮ আসনে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিবেশ সংরক্ষণ ও গ্রামীণ উন্নয়নকে সমান গুরুত্ব দিয়েছিলেন। তার উদ্যোগেই দেশে সবুজায়নের ভিত্তি আরও শক্তিশালী হয়।
তিনি আরও বলেন, ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গাজীপুরের শালনায় নিজ হাতে মেহগনির চারা রোপণের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে জাতীয় বৃক্ষরোপণ অভিযানকে নতুন গতি দেন। পরবর্তীতে ১৯৯৪ সালে তিনি জাতীয় বৃক্ষমেলার সূচনা করেন, যা দেশে বৃক্ষরোপণ আন্দোলনকে আরও বিস্তৃত করে।
মন্ত্রী প্রতিটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, তরুণ ও যুব সংগঠনকে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার নিয়মিত পরিচর্যার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগ অব্যাহত থাকলে ২০৩৫ সালের আগেই দেশের বৃক্ষাচ্ছাদন ২৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য অর্জন সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, একটি গাছ শুধু অক্সিজেনের উৎস নয়, এটি পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি প্রতিটি চারার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।
ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।