
পবিত্র মক্কা নগরীর কাছে হুতিদের ছোড়া ড্রোন ভূপাতিত করার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩৫ সেকেন্ডের একটি ভিডিও নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তথ্য যাচাই করে দেখা গেছে, ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। এটি অন্তত এক বছর আগের এবং সৌদি আরবের মদিনা শহরে ঘটে যাওয়া একটি পুরোনো ঘটনার দৃশ্য।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের শতাধিক পেজ ও প্রোফাইলে আকাশ থেকে একটি আলোকিত বস্তু নিচে পড়ে যাওয়ার দৃশ্যটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি পেজেই ভিডিওটি ছয় লাখের বেশি বার দেখা হয়েছে। তবে রিভার্স ইমেজ সার্চ এবং অনলাইন অনুসন্ধানে পাওয়া তথ্য বলছে, ভিডিওটির অস্তিত্ব ইন্টারনেটে অন্তত ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর থেকেই রয়েছে।
ভিডিওটির সঙ্গে মদিনার পুরোনো ঘটনার মিল
‘ইসলাম চ্যানেল’ নামের একটি ফেসবুক পেজসহ একাধিক মাধ্যমে গত বছর প্রকাশিত একই ভিডিওর সঙ্গে সৌদি আরবের মদিনা শহর এবং মসজিদে নববির কাছাকাছি আকাশে ঘটে যাওয়া একটি বিস্ফোরণের ঘটনার সম্পর্ক পাওয়া গেছে।
২০২৫ সালের ১১ সেপ্টেম্বর ভোরে মদিনার আকাশে একটি অননুমোদিত ড্রোন শনাক্ত করা হয়েছিল। পরে সেটিকে ভূপাতিত করা হয়। ওই সময় বিকট শব্দ শোনা যাওয়ার পর আকাশ থেকে একটি উজ্জ্বল বস্তু নিচের দিকে পড়ে যেতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে ছড়িয়ে পড়া ভিডিওটির দৃশ্যের সঙ্গে সেই ঘটনার মিল রয়েছে।
অর্থাৎ, সম্প্রতি মক্কার কাছে হুতিদের ড্রোন ভূপাতিত করার দাবির সঙ্গে যে ভিডিওটি ব্যবহার করা হচ্ছে, সেটি নতুন কোনো ঘটনার দৃশ্য নয়; বরং গত বছরের মদিনার ঘটনার ভিডিও।
ড্রোনটির উৎস নিয়ে নিশ্চিত তথ্য মেলেনি
তবে ২০২৫ সালের ওই ঘটনার ক্ষেত্রে ড্রোনটি কোথা থেকে এসেছিল বা এর পেছনে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সংশ্লিষ্টতা ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ছাড়া ওই ঘটনায় মসজিদে নববি কিংবা এর আশপাশের এলাকায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনাও ঘটেনি।
ফলে গত বছরের মদিনার ঘটনাকে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর হামলা হিসেবে চিহ্নিত করার মতো নিশ্চিত তথ্যও তখন পাওয়া যায়নি।
মক্কায় ড্রোন ভূপাতিতের দাবি ঘিরে বিভ্রান্তি
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সসহ অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দাবি করে, মক্কার আকাশসীমায় প্রবেশের আগেই হুতিদের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এই দাবির পক্ষে সৌদি আরব কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।
অন্যদিকে হুতিরা সৌদি আরবের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে।
এই পাল্টাপাল্টি দাবির মধ্যেই মদিনায় গত বছর ঘটে যাওয়া ওই ঘটনার ভিডিওটি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিকে মক্কার সাম্প্রতিক ঘটনার দৃশ্য হিসেবে উপস্থাপন করায় সেটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।
তথ্য যাচাইয়ে পাওয়া বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ভাইরাল হওয়া ৩৫ সেকেন্ডের ভিডিওটি মক্কায় হুতিদের ড্রোন ভূপাতিতের সাম্প্রতিক ঘটনার প্রমাণ নয়। ভিডিওটির সঙ্গে অন্তত এক বছর আগের মদিনার একটি ঘটনার সম্পর্ক রয়েছে।