
বাংলা নববর্ষকে ঘিরে যখন সারাদেশ উৎসবের আমেজে মুখর, ঠিক তখনই নিজের ঘরেই আগেভাগে পয়লা বৈশাখ উদযাপন করলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যখন চলছে কনসার্ট ও সাংস্কৃতিক আয়োজন, সেই উৎসবের রঙ ছড়িয়ে পড়েছে তারকাদের ব্যক্তিগত জীবনেও।
সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করে জয়া জানান, তাদের ঘরে পয়লা বৈশাখ যেন একটু আগেই চলে এসেছে। তিনি লিখেছেন, প্রতিবছরের মতো এবারও তারা আগেভাগেই উৎসবটি উদযাপন করেছেন, আর সেই আয়োজন ছিল একেবারে ঘরোয়া কিন্তু প্রাণবন্ত।
উৎসবের বর্ণনায় উঠে আসে খাঁটি বাঙালিয়ানার ছোঁয়া। নিজের হাতে মাখা পান্তা-ইলিশ, সঙ্গে নানা ঐতিহ্যবাহী খাবার ও আয়োজন সব মিলিয়ে ছিল এক জমজমাট পরিবেশ। বেলুন শুটিং, ফরচুন টেলার, হাওয়াই মিঠাই, মুড়ি মাখা এবং পিঠাপুলির মতো আয়োজন ঘিরে তৈরি হয়েছিল আনন্দমুখর আবহ। ছোট ছোট এসব উপকরণই যেন উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলেছিল।
শেয়ার করা ছবিগুলোতে জয়ার সঙ্গে দেখা গেছে চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ ও সুনিধি নায়েকসহ আরও অনেককে। তারকাদের এই মিলনমেলা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।
সবশেষে জয়া আহসান তার এই উদযাপনকে আখ্যা দিয়েছেন ‘বিশৃঙ্খল আনন্দ’ হিসেবে। তার ভাষায়, এটি ছিল তাদের নিজেদের মতো করে সাজানো একটুখানি এলোমেলো কিন্তু হৃদয়ভরা আনন্দের আয়োজন—যেখানে ছিল ভালোবাসা, বন্ধুত্ব আর বাঙালিয়ানার ছোঁয়া।