
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে নির্বাচনের সার্বিক বিষয়ে নিজেদের পরবর্তী অবস্থান পরিষ্কার করতে ১১ দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করার নির্দেশনা দিয়েছে দলটি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়।
পোস্টে দলটি জানায়, ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রে গিয়ে বিপুল সংখ্যায় ভোট দিয়েছেন—এ জন্য তারা ভোটারদের প্রতি কৃতজ্ঞ। তবে ভোট গণনা ও ফলাফল ঘোষণার ধরন নিয়ে তাদের মধ্যে অসন্তোষ রয়েছে বলে উল্লেখ করা হয়।
জামায়াতের দাবি, অনেক আসনে তাদের প্রার্থীরা অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন এবং ফলাফলে গরমিল রয়েছে বলে তাদের কাছে মনে হয়েছে। নির্বাচনের সময় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি। এসব কারণে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে বলে তারা উল্লেখ করে।
উদ্ভূত পরিস্থিতিতে নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে দলটি বলেছে, “আমরা সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করছি। আমাদের জোটের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করুন। একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ন্যায়ের লড়াই চলবেই, ইনশা আল্লাহ।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ বার্তার পর ১১ দলীয় জোটের পক্ষ থেকে নতুন কোনো কর্মসূচি বা প্রতিবাদী ঘোষণা আসতে পারে।