
মানবাধিকার সুরক্ষা, শান্তি প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করার লক্ষ্য নিয়ে জাতীয় সংসদে ১০ সদস্যের ‘মানবাধিকার ও শান্তি সংক্রান্ত বিষয়ে সংসদীয় ককাস’ গঠন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদের স্পিকারের সিদ্ধান্তে এ ককাস গঠন করা হয়। এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পৃষ্ঠপোষক করা হয়েছে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে। আর ককাসের চেয়ারপারসন মনোনীত হয়েছেন ফাহিমা নাসরিন।
ককাসের সদস্য হিসেবে রয়েছেন মোসাম্মৎ তাহসিনা রুশদীর, হুমাম কাদের চৌধুরী, সাঈদ আল নোমান, মীর আহমদ বিন কাসেম, মুহাম্মদ নাজিবুর রহমান, মো. আবুল হাসনাত, জহরাত আদিব চৌধুরী, সানজিদা ইসলাম ও আন্না মিনজ।
জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদীয় কার্যক্রমে সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকারবিষয়ক কার্যক্রমের মধ্যে সমন্বয় আরও জোরদার করাই এ ককাস গঠনের মূল উদ্দেশ্য।