
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে দেশের প্রধান তিনটি পোশাকশিল্প এলাকায়। শ্রমিকদের কর্মবিরতি ও কারখানা ছেড়ে চলে যাওয়ার ঘটনায় মিরপুর, গাজীপুর-ময়মনসিংহ এবং সাভার-আশুলিয়া-জিরানী অঞ্চলের ৬৭০টি কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে কাজ না করেই বাড়ি ফিরতে হয়েছে ১৬ লাখ ৮০ হাজার ৫৭২ জন শ্রমিককে।
সোমবার (২ নভেম্বর) বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে। সংস্থাটির বেলা সাড়ে ১১টার হিসাব অনুযায়ী, দেশের পাঁচটি শিল্পাঞ্চলে মোট ২ হাজার ১৩৪টি কারখানার মধ্যে চালু ছিল ১ হাজার ৪৬৪টি।
বিজিএমইএর তথ্য বলছে, শ্রমিক অসন্তোষের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে গাজীপুর ও ময়মনসিংহ শিল্পাঞ্চলে। এ দুই এলাকায় থাকা ৮৩৬টি কারখানার মধ্যে ৩৮২টির শ্রমিক কাজ বন্ধ করে বের হয়ে যান। ফলে সেখানকার ৮ লাখ ৮৩ হাজার ৪৭২ জন শ্রমিক কাজ না করেই বাড়ি ফিরে যান।
সাভার-আশুলিয়া ও জিরানী এলাকাতেও পরিস্থিতি ছিল একই রকম। এ অঞ্চলের ৪৪১টি কারখানার মধ্যে ২২৩টিতে উৎপাদন বন্ধ হয়ে যায়। কাজ না করে বাড়ি ফিরতে বাধ্য হন ৭ লাখ ৪৩ হাজার ৬৫০ জন শ্রমিক।
অন্যদিকে, রাজধানীর মিরপুরে ৩২০টি কারখানার মধ্যে ৬৫টির কার্যক্রম বন্ধ ছিল। এতে কাজ না পেয়ে বাড়ি ফেরেন ৫৩ হাজার ৪৫০ জন শ্রমিক।
তবে শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েনি নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্পে। এই দুই অঞ্চলের যথাক্রমে ১৯৭টি ও ৩১৪টি কারখানাই স্বাভাবিকভাবে চালু ছিল।