
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বেরোবি শাখা।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের আহ্বায়ক শাহরিয়ার সোহাগ বলেন, “আজ বেরোবিতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কার্যক্রম শুরু হলো। আমরা ক্যাম্পাসে সকলের সহাবস্থান, সম্প্রীতি ও নিরাপত্তার সংস্কৃতি গড়ে তুলতে চাই। এ লক্ষ্যেই আমরা কাজ করব।
সদস্য সচিব মিজানুর রহমান বলেন, “শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বেরোবি শাখার সাংগঠনিক কার্যক্রম শুরু করেছি। শিক্ষার্থীদের অধিকার, গণতান্ত্রিক পরিবেশ এবং একটি সুন্দর ক্যাম্পাস গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।
কর্মসূচি শেষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বেরোবি শাখার প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বিভিন্ন সদস্যের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক রূপরেখা নিয়ে আলোচনা করেন নেতাকর্মীরা।