
ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানের নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া মোনামি। তবে নিজের নাচ নিয়ে কোনো ধরনের লজ্জা বা বিব্রতবোধ নেই বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মোনামি।
পোস্টে তিনি লেখেন, দেশে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। অথচ সেসবের পরিবর্তে আলোচনার কেন্দ্রে চলে এসেছে ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে তাঁর নাচের বিষয়টি।
মোনামি জানান, প্রথমে তাঁর এক বন্ধু ভিডিওটি ফেসবুকে শুধু বন্ধুদের দেখার জন্য শেয়ার করেছিলেন। পরে তিনি নিজেও নিজের অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেন। তাঁর ধারণা ছিল, বিষয়টি নিজের বন্ধুতালিকায় থাকা ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু তাঁর ধারণা, কেউ অর্থ উপার্জনের উদ্দেশ্যে ভিডিওটি সংবাদমাধ্যমের কাছে সরবরাহ করেছেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মোনামি বলেন, যিনি ভিডিওটি সংবাদমাধ্যমে দিয়েছেন, আল্লাহ যেন তাঁকে উপার্জনের আরও সম্মানজনক ও হালাল পথ দেখান।
নিজের নাচ নিয়ে সমালোচনার বিষয়ে তিনি বলেন, নান্দনিকভাবে নাচার জন্য তাঁর বয়স কিংবা শারীরিক গঠন তথাকথিত আদর্শ নাও হতে পারে। তবে একজন মানুষের নাচের ক্ষেত্রে বয়স বা শারীরিক গঠন কেন অপরিহার্য মানদণ্ড হবে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
নাচের ভিডিও ছড়িয়ে পড়লে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ট্রল বা সমালোচনার মুখে পড়তে পারেন, সে বিষয়টি তাঁর জানা ছিল বলেও উল্লেখ করেন মোনামি। তবে এসব নিয়ে তিনি উদ্বিগ্ন নন।
তিনি আরও বলেন, এটি তাঁর একমাত্র ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। ভাইয়ের বিশেষ দিনে নাচার ইচ্ছা তাঁর দীর্ঘদিনের। ভবিষ্যতে আবারও এমন সুযোগ এলে একই কাজ করবেন তিনি। নাচের জন্য কোনো লজ্জা বা বিব্রতবোধ নেই তাঁর। বরং নাচকে আনন্দ প্রকাশের একটি স্বাভাবিক অভিব্যক্তি হিসেবেই দেখেন তিনি।