
দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন প্রবীণ বাসিন্দা নিহত হয়েছেন। শুক্রবার রাতে দেশটির রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৬৪০ কিলোমিটার দক্ষিণে পিত্রুফকেনের এল এদেন বৃদ্ধাশ্রমে এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত সবাই ওই বৃদ্ধাশ্রমের বাসিন্দা। আগুনে আরও ১০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মামলাটির তদন্তে নেতৃত্ব দেওয়া সরকারি কৌঁসুলি হোর্হে গ্রানাদা বলেন, আগুন কীভাবে শুরু হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত দেশের সব বৃদ্ধাশ্রমের পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, কী ঘটেছিল এবং তদারকি বা অগ্নিকাণ্ড প্রতিরোধে কোনো ধরনের ব্যর্থতা ছিল কি না, তা খুঁজে বের করতে বিচার বিভাগের সঙ্গে সরকার পূর্ণ সহযোগিতা করবে।
প্রেসিডেন্ট আরও বলেন, কী ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছিল এবং সেগুলোর ভিত্তিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, তাও খতিয়ে দেখা হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় সংশোধন করা হবে বলেও জানান তিনি।
স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। শনিবার সকালে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপরও দমকলকর্মীরা ঘটনাস্থলে ধ্বংসাবশেষ ও ধসে পড়া ঢেউটিনের ছাদ সরানোর কাজ করেন।
নিরাপত্তার কারণে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে। স্থানীয় মেয়র জ্যাকলিন রোমেরো এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, নিহতদের পরিবারের পাশে রয়েছে স্থানীয় প্রশাসন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।