
ঢাকা জেলা ও আশপাশের বেশ কয়েকটি এলাকায় রোববার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (১৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা অংশের মৃধাবাড়ী-শনির আখড়া-নামা শ্যামপুর এলাকায় বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে। এ কারণে ১৭ আগস্ট সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জুরাইন, ধোলাইর পাড়, জিয়া সরণি, দনিয়া, শনির আখড়া, মাতুয়াইল, নামা শ্যামপুর, পলাশনগর এবং মৃধাবাড়ী এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, আশপাশের এলাকাগুলিতে গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানানো হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।