
কিছুদিন আগেই অসুস্থতা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ভাইরাল জ্বরে ভুগেছিলেন টানা ১২ দিন। সুস্থ হয়ে ফেরার পর কয়েক দিন আগে নতুন হেয়ারস্টাইল ও চুলের রঙে পরিবর্তন এনে আলোচনায় আসেন তিনি। এবার কনের সাজে হাজির হয়ে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন সাদিয়া আয়মান। ছবিগুলোতে তাঁকে দেখা গেছে জমকালো ঐতিহ্যবাহী পোশাক ও গয়নায় রাজকীয় ব্রাইডাল লুকে। সাধারণত কনের সাজে খুব একটা দেখা যায় না তাঁকে। তাই নতুন এই অবতারে অভিনেত্রীকে দেখে চমকে গেছেন অনেকেই।
সামনেই শীতের মৌসুম। এ সময় বিয়ের আয়োজন ঘিরে ব্যস্ততা বাড়ে, পাশাপাশি কনের সাজ ও ফ্যাশন নিয়েও থাকে নানা পরিকল্পনা। আসন্ন বিয়ের মৌসুমকে সামনে রেখেই ব্রাইডাল লুকে ধরা দিয়েছেন সাদিয়া। কসমেটিকস ও গয়নার ব্র্যান্ডের স্পনসরশিপে করা এই ফটোশুটের ছবি বৃহস্পতিবার দুপুরে সামাজিক মাধ্যমে প্রকাশ করেন তিনি।
ছবিতে সাদিয়ার পরনে দেখা গেছে জমকালো ঐতিহ্যবাহী শাড়ি। এর সঙ্গে মানানসই গয়নার মধ্যে চোকার নেকলেস ও মাং টিকা বিশেষভাবে নজর কেড়েছে। পোশাক ও অলংকারের সমন্বয়ে তাঁর সাজে ফুটে উঠেছে আভিজাত্য।
তবে সাজে অতিরিক্ত চাকচিক্যের বদলে মেকআপে ছিল পরিমিতির ছাপ। বর্তমান ব্রাইডাল ফ্যাশনে প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলার প্রবণতা বাড়ছে। সাদিয়ার সাজেও সেই ধারার প্রতিফলন দেখা গেছে। স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রেখে করা মেকআপ তাঁর পুরো লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে।
ছবিগুলোর সঙ্গে বিয়ের মৌসুমের ফ্যাশন নিয়ে নিজের বার্তাও দিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘আসন্ন বিয়ের মৌসুমের জন্য আপনার যে একমাত্র অনুপ্রেরণা প্রয়োজন।’
প্রকাশের পর থেকেই সাদিয়ার নতুন ব্রাইডাল লুক নিয়ে সামাজিক মাধ্যমে ভক্তদের আগ্রহ দেখা যাচ্ছে। অনেকেই তাঁর এই সাজকে আসন্ন বিয়ের মৌসুমের জন্য ফ্যাশন অনুপ্রেরণা হিসেবে দেখছেন।