
স্টুডিওর গণ্ডি পেরিয়ে এবার দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগীতের আয়োজন নিয়ে হাজির হচ্ছে ‘কোক স্টুডিও বাংলা’। আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা, শিক্ষার্থীদের সংগীত প্রতিভা তুলে ধরার সুযোগ এবং বিশেষ কনসার্টের সমন্বয়ে শুরু হয়েছে ‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’।
২৬ অক্টোবর শুরু হওয়া এই আয়োজন চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) থেকে প্রতিযোগিতাটির যাত্রা শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের ১৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেবেন। ভোটে এগিয়ে থাকা তিনটি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হবে কোক স্টুডিও বাংলার বিশেষ কনসার্ট।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় ভোট দিতে শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসের ক্যান্টিন থেকে কোকা-কোলা, স্প্রাইট বা ফ্যান্টা কিনতে হবে। পণ্যের সঙ্গে পাওয়া স্ক্র্যাচ কার্ডে থাকা ইউনিক কোড ক্যাম্পেইনের মাইক্রোসাইটে ব্যবহার করে নিজেদের বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভোট দেওয়া যাবে। প্রতিযোগিতার অবস্থান জানাতে ওয়েবসাইটে থাকবে লাইভ লিডারবোর্ড। সর্বোচ্চ ভোট পাওয়া তিনটি বিশ্ববিদ্যালয় নিজেদের ক্যাম্পাসে একটি করে বিশেষ কনসার্ট আয়োজনের সুযোগ পাবে।
শুধু ভোটের প্রতিযোগিতাই নয়, শিক্ষার্থীদের সংগীত প্রতিভা তুলে ধরতেও থাকছে ‘ফাইন্ড দ্য নেক্সট ক্যাম্পাস পারফর্মার’ উদ্যোগ। এর আওতায় শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে স্থাপিত কোক স্টুডিও বাংলার বিশেষ রেকর্ডিং কিয়স্কে প্ল্যাটফর্মটির যেকোনো গানের কভার পারফরম্যান্স রেকর্ড করতে পারবেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে কোক স্টুডিও বাংলাকে ট্যাগ করতে হবে এবং ক্যাম্পেইনের ওয়েবসাইটে ভিডিওর লিংক জমা দিতে হবে।
প্রতিটি বিজয়ী বিশ্ববিদ্যালয় থেকে সেরা পারফরম্যান্স এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বোচ্চ সম্পৃক্ততা অর্জনকারী শিক্ষার্থীকে ক্যাম্পাস কনসার্টে গান গাওয়ার সুযোগ দেওয়া হবে।
কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর লায়লা ফারজানা বলেন, সংগীতের মাধ্যমে মানুষকে একত্র করা এবং প্রতিভাকে উদযাপন করাই কোক স্টুডিও বাংলার লক্ষ্য। নতুন এই উদ্যোগের মাধ্যমে তরুণদের আরও কাছে পৌঁছানো এবং তাঁদের নিজেদের মতো করে এই অভিজ্ঞতার অংশ হওয়ার সুযোগ তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, ২০২২ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে ‘কোক স্টুডিও বাংলা’। বর্তমানে ইউটিউবে প্ল্যাটফর্মটির সাবস্ক্রাইবার ৪০ লাখের বেশি। এর গানগুলোর মোট ভিউ ছাড়িয়েছে ৭৫ কোটি।