
ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরিয়ম বেগমের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ খুলনায় গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
পরিবারসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি রোগ ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মরিয়ম বেগম।
গত ১৪ অক্টোবর দিবাগত রাতে গুলশানের নিকেতনে নিজ বাসায় স্ট্রোক করেন তিনি। পরে রাত পৌনে ২টার দিকে তাঁকে মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। এর মধ্যেই রাত দেড়টার দিকে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
একসময় ঢাকাই চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পপি। বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেন তিনি। তবে দীর্ঘদিন ধরে অভিনয় ও চলচ্চিত্রসংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। তাঁর মায়ের মৃত্যুর খবরে চলচ্চিত্র অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।