-6ad0583db9cd7.webp)
গাজীপুরের টঙ্গী শিল্প এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের দ্বিতীয় ইউনিটে লাগা আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আগুন নেভানোর কাজ শেষ হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন
বুধবার সকাল সোয়া ১০টার দিকে টঙ্গী শিল্প এলাকার স্কুইব রোডসংলগ্ন ড্রাগ ইন্টারন্যাশনালের দ্বিতীয় ইউনিটে আগুন লাগে। প্রাথমিকভাবে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
খবর পেয়ে টঙ্গী, সাভার, গাজীপুর, আশুলিয়া ও ঢাকাসহ বিভিন্ন এলাকার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁদের সঙ্গে সেনাবাহিনী, এসআরবি, বিজিবি এবং গাজীপুর সিটি করপোরেশনের কর্মীরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। সব মিলিয়ে ২১টি ইউনিটের প্রচেষ্টায় দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
পরে রাত সাড়ে ১০টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণের কাজ শেষ হয়।
পানির সংকটে ব্যাহত হয় নির্বাপণ কার্যক্রম
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টঙ্গী ইনচার্জ শাহীন আলম জানান, আগুন পুরোপুরি নেভানো হয়েছে। তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
তিনি আরও বলেন, আগুন লাগার পর প্রাথমিক পর্যায়ে পানির স্বল্পতার কারণে নির্বাপণ কার্যক্রম কিছুটা বাধাগ্রস্ত হয়েছিল। এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত এখনো হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
সাততলা ভবনের দুই তলায় আগুন
দুপুর ২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। তিনি জানান, কারখানার সাততলা ভবনের দ্বিতীয় ও চতুর্থ তলায় আগুন ছড়িয়ে পড়েছিল।
ইনজেকশনসহ জরুরি ওষুধ মজুত থাকায় অগ্নিকাণ্ডের সময় শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত উদ্ধার ও নির্বাপণ কার্যক্রম শুরু করা হয়েছিল উল্লেখ করে মহাপরিচালক বলেন, ২১টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ড্রাগ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বাদল জানান, আগুন লাগার পর কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় তা নেভানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট বাহিনীগুলোর সহায়তা নিতে হয়।
অগ্নিকাণ্ডের কারণ এবং আর্থিক ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনিও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি।
শর্ট সার্কিটের ধারণা সংসদ সদস্যের
ঘটনাস্থল পরিদর্শন শেষে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি সাংবাদিকদের বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি ও তাঁর দলের নেতাকর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজে সহযোগিতা করেছেন। সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে কাজ করেছেন বলেও জানান তিনি।
গাজীপুরে অগ্নিনির্বাপণের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে রনি বলেন, পুকুর, জলাশয় ও খালবিল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে কোথাও আগুন লাগলে যেন পানির সংকটে উদ্ধারকাজ ব্যাহত না হয়, সে লক্ষ্যেই এসব পানির উৎস প্রস্তুত করা হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শনের সময় কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন এবং গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সাথীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ মোট পাঁচজন অসুস্থ হয়ে পড়েন। জরুরি ওষুধ ও ইনজেকশন পুড়ে যাওয়ার কারণে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়।
এদিকে আগুনের কারণে ঘটনাস্থলের আশপাশে প্রায় দুই কিলোমিটার এলাকায় গণপরিবহন চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
ঘটনাস্থল পরিদর্শন করে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রাখা সংশ্লিষ্ট সব পক্ষকে ধন্যবাদ জানান। তদন্ত কমিটি গঠনের প্রয়োজন দেখা দিলে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।