
ইংলিশ চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ইউনাইটেড। এই ম্যাচে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরীকে। ফলে নিয়ম অনুযায়ী, দলের পরবর্তী ম্যাচে তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে শেফিল্ড ইউনাইটেডকে।
পোর্টসমাউথের মাঠ ফ্রাটন পার্কে অনুষ্ঠিত ম্যাচে ৩৩ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেন হামজা। রায়ান কাভুমা ম্যাককুইনকে ফাউল করার কারণে তাঁকে সতর্ক করেন রেফারি। এর ১০ মিনিট পর একই খেলোয়াড়ের সঙ্গে আরেকটি দ্বৈরথে জড়িয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বাংলাদেশের এই ফুটবলার। এর ফলে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।
হামজার প্রথম হলুদ কার্ড নিয়ে তেমন বিতর্ক না থাকলেও দ্বিতীয় সিদ্ধান্তটি নিয়ে প্রশ্ন উঠেছে। ওই ঘটনায় কাভুমা হামজার পায়ের ফাঁক দিয়ে বল বের করে সামনে এগিয়ে যান। এরপর হামজার সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান তিনি। এ ঘটনাতেই দ্বিতীয়বার হলুদ কার্ড দেখানো হয় হামজাকে।
ম্যাচে প্রথমে দুই গোলে পিছিয়ে পড়েছিল শেফিল্ড ইউনাইটেড। তবে ঘুরে দাঁড়িয়ে দুই গোল করে সমতা ফেরাতে সক্ষম হয় দলটি। শেষ পর্যন্ত ৮৯ মিনিটে এবু অ্যাডামসের করা গোলে ৩-২ ব্যবধানে জয় পায় পোর্টসমাউথ।
ইংলিশ ফুটবল লিগের (ইএফএল) নিয়ম অনুযায়ী, এক ম্যাচে দুটি হলুদ কার্ড দেখে বহিষ্কৃত হলে সাধারণত পরের একটি ম্যাচে নিষেধাজ্ঞা ভোগ করতে হয় সংশ্লিষ্ট খেলোয়াড়কে। সেই নিয়মের কারণে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের ম্যাচে খেলতে পারবেন না হামজা।
শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার অবশ্য রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, রেফারি প্রথমে হামজাকে জানিয়েছিলেন যে তাঁকে মাঠ ছাড়তে হবে না। পরে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে দ্বিতীয় হলুদ কার্ড দেখান তিনি।