
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
যাদের নিয়োগের মেয়াদ বাতিল
এ সিদ্ধান্তের আওতায় রয়েছেন অগ্রণী ব্যাংকের এমডি মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জসীম উদ্দিন এবং বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান খান। তারা এতদিন নিজ নিজ ব্যাংকে দায়িত্ব পালন করে আসছিলেন।
বুধবার (২ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সরকারের সম্মতি ও সুপারিশ
উপ-সচিব আফরোজা আক্তার রিবার সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জসীম উদ্দিন এবং বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান খানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের করা চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকার সুপারিশ ও সম্মতি জানিয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন এবং পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুসারে অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মো. আনোয়ারুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
এ বিষয়ে পরবর্তী বিধিসম্মত কার্যক্রম গ্রহণের জন্য অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
পরবর্তী প্রক্রিয়া পরিচালনা পর্ষদের
সরকারের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ চুক্তিপত্র এবং প্রযোজ্য আইন অনুযায়ী তাদের নিয়োগ বাতিলের পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করবে।