
দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক অবকাশ মিলিয়ে টানা পাঁচ দিন ব্যাংকিং সেবা এবং শেয়ারবাজারের লেনদেন থেকে বিরত থাকতে হবে গ্রাহক ও বিনিয়োগকারীদের। মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে এ বিরতি শুরু হচ্ছে, চলবে শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এরপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৪ অক্টোবর পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকবে।
ছুটির আগে ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে গত শনিবার (১৭ অক্টোবর) ব্যাংক খোলা রাখা হয়েছিল। ওই দিন স্বাভাবিক কর্মদিবসের মতোই লেনদেন ও অন্যান্য ব্যাংকিং সেবা চালু ছিল।
বন্দর এলাকায় সীমিত সেবা
সাধারণ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকলেও আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথে সীমিত পরিসরে সেবা চালু থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বন্দর ও কাস্টমস এলাকায় আমদানি-রপ্তানিসংক্রান্ত জরুরি কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ জন্য স্থানীয় প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
লেনদেন বন্ধ ডিএসই-সিএসইতেও
ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এ সময়ে লেনদেন হবে না। ফলে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন শেয়ারবাজারের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে।