
বরিশালের কীর্তনখোলা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দেশের সবচেয়ে বড় উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন ভেঙে পড়েছে। বিকট শব্দে ভেঙে পড়া ক্রেনটি সামনে থাকা দুটি জাহাজের ওপর আছড়ে পড়ে। এতে কেউ হতাহত না হলেও নির্ভীকসহ জাহাজগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১১ নভেম্বর) সকালে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সাপ্তাহিক মহড়ার অংশ হিসেবে উদ্ধারকারী জাহাজটির ক্রেনের বুম চালু করে পরীক্ষা করা হচ্ছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে ক্রেনের সামনের অংশ ভেঙে যায়। পরে সেটি সামনে থাকা দুটি জাহাজের ওপর পড়ে। এতে ওই জাহাজ দুটিও ক্ষতিগ্রস্ত হয়।
উদ্ধারকারী জাহাজ নির্ভীকের যুগ্ম পরিচালক আবদুল্লাহ আল বাকি জানান, সকালে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জাহাজটির ইঞ্জিন চালু করা হয়েছিল। তখন যান্ত্রিক ত্রুটির কারণে বিকট শব্দে ক্রেনের বুম ভেঙে অন্য জাহাজের ওপর পড়ে।
তিনি আরও জানান, ভেঙে পড়া ক্রেনের অংশ উদ্ধারে ইতিমধ্যে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। এ কাজে সহায়তার জন্য নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর আরেকটি উদ্ধারকারী জাহাজ প্রত্যয় বরিশালের উদ্দেশে রওনা হয়েছে।
তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা যাচাই করে দেখা হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর বরিশাল ড্রেজার বেইজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুর রহমান।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সেলিম মিয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে ক্রেনটি ভেঙে পড়ে বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজের একটি পন্টুন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে কাজ চলছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। তিনি বলেন, এ ঘটনায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ আলাদা তদন্ত কমিটি গঠন করবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যাবে।
জানা গেছে, ২০১৩ সালে ১৭৮ কোটি টাকা ব্যয়ে দেশের সবচেয়ে বড় উদ্ধারকারী জাহাজ নির্ভীক কেনা হয়। একই বছর জাহাজটি বরিশালের কীর্তনখোলা নদীর তীরে বিআইডব্লিউটিএর ঘাটে নিয়ে আসা হয়। ২৫০ টন ধারণক্ষমতার এ জাহাজ বড় ধরনের নৌদুর্ঘটনায় ডুবে যাওয়া নৌযান উদ্ধারে ব্যবহার করা হয়। কেনার পর থেকে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া বেশ কয়েকটি বড় নৌদুর্ঘটনায় উদ্ধার অভিযানে অংশ নিয়েছে জাহাজটি।