
কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদস্য তিতাস হত্যার ঘটনায় দায়েরকৃত চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় ১৮নং আসামিকে মামলা রুজুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানিক দল।
গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ নভেম্বর দুপুর ১টায় এসআরবি-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্প এবং সেনাবাহিনীর যৌথ দল টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের মুছনী বাজারের জহির আহাম্মদ মার্কেটের সামনে অভিযান চালায়। এ সময় মামলার ১৮নং আসামি মোঃ হোসেন ওরফে বক্কইন্যাকে (২০) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ হোসেন ওরফে বক্কইন্যা মুছনী ক্যাম্পের এইচ ব্লকের ০৫নং রুমের বাসিন্দা। তিনি মৃত কামাল হোসেন ও বেগম বাহারের ছেলে।
এসআরবি-১৫ সূত্র জানায়, সেনাসদস্য তিতাস হত্যার মতো চাঞ্চল্যকর ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে এসআরবি-১৫ ও সেনাবাহিনীর সমন্বিত গোয়েন্দা নজরদারি ও যৌথ অভিযান পরিচালনা করা হয়। এরই ফলে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও অপরাধীদের আইনের আওতায় আনতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।