
দেশের রাজস্ব আয় বাড়াতে সারচার্জের পরিবর্তে ‘ওয়েলথ ট্যাক্স’ (সম্পদ কর) ও ‘ইনহেরিটেন্স ট্যাক্স’ (উত্তরাধিকার কর) চালুর পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার (৩১ মার্চ) এনবিআরের সম্মেলন কক্ষে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এ পরিকল্পনার কথা জানান সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
তিনি বলেন, সম্পদশালী ব্যক্তিদের কাছ থেকে আয়করের বাইরে অতিরিক্ত রাজস্ব আদায়ের জন্য ওয়েলথ ট্যাক্স চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। একই সঙ্গে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের ওপর কর আরোপের ধারণাও পর্যালোচনা করা হচ্ছে। বিশেষ করে শহর এলাকায় উচ্চমূল্যের সম্পত্তি পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তরের সময় এই কর আরোপ করা হতে পারে।
রাজস্ব আদায় বাড়াতে সুশাসন নিশ্চিত ও দুর্নীতির পথ বন্ধ করার ওপর জোর দেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, দক্ষ ও সৎ কর্মকর্তাদের উৎসাহিত করতে পারলে রাজস্ব ফাঁকফোকর কমবে এবং আদায় বাড়বে।
এছাড়া ব্যবসা সহজীকরণে কাস্টমস কার্যক্রমে ‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো’ বাধ্যতামূলক করা হয়েছে এবং বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম অটোমেশন করা হচ্ছে। অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ম্যানুয়াল নির্বাচন বন্ধ করে ঝুঁকি-ভিত্তিক অডিট পদ্ধতি চালু করা হয়েছে বলেও জানান তিনি।
এনবিআর সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত গত বছরের তুলনায় ২৮ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। রাজস্ব সংগ্রহ আরও বাড়াতে আয়কর, কাস্টমস ও ভ্যাট খাতে পৃথক টাস্কফোর্স গঠন করা হয়েছে।