
দেশের বাজারে কাঁচা মরিচের দাম সহনীয় রাখতে প্রায় নয় মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। সরকারের অনুমতির পর সোমবার (৩ আগস্ট) বিকেলে প্রথম চালান বন্দরে পৌঁছায়।
বিকেল সাড়ে ৪টার দিকে ভারত থেকে কাঁচা মরিচবোঝাই তিনটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। আমদানিকারক প্রতিষ্ঠান মাহাদী এন্টারপ্রাইজ ও রাজ এন্টারপ্রাইজ যৌথভাবে মোট ২১ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে। হিলি স্থলবন্দরের ১১ জন আমদানিকারক মোট ৩ হাজার ৪০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছেন। অনুমতির পর এলসি (লেটার অব ক্রেডিট) খোলাসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।
আমদানিকারক শাহাবুল ইসলাম বলেন, টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহ সংকট তৈরি হয়। এতে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ৩০০ টাকারও বেশি ছাড়িয়ে যায়। ভারতের বাজারে তুলনামূলক কম দামে মরিচ পাওয়া যাওয়ায় দীর্ঘদিন ধরে আমদানির অনুমতির দাবি ছিল।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন জানান, সর্বশেষ গত বছরের ২০ নভেম্বর এই বন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ আমদানি হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও আমদানি কার্যক্রম শুরু হলো।
এদিকে আমদানির খবর ছড়িয়ে পড়ার পর হিলিসহ দেশের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। ব্যবসায়ীদের দাবি, মাত্র একদিনের ব্যবধানে প্রতি কেজিতে ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত দাম কমেছে। তারা আশা করছেন, আমদানি ধারাবাহিকভাবে চললে বাজারে সরবরাহ আরও বাড়বে এবং কাঁচা মরিচের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে।