
ইয়েমেনের হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকির মধ্যে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করেছে সিরিয়া। দেশ দুটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি।
বুধবার (৪ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা রিয়াদ সফরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। এ সময় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এক মাসেরও কম সময়ের মধ্যে সৌদি আরবে এটি ছিল দুই নেতার দ্বিতীয় সাক্ষাৎ।
এর আগে গত মাসে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে চলমান যুদ্ধে সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে সতর্কতার সঙ্গে বিবেচনা করছিল সিরিয়া।
এ বিষয়ে সে সময় এক সিরীয় কূটনীতিক বলেছিলেন, সামরিক সহযোগিতা বা দক্ষতা বিনিময়ের যেকোনো অনুরোধ কেবল আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পরিচালনাকারী চুক্তির কাঠামোর মধ্যেই বিবেচনা করা হবে।
শারা’র রিয়াদ সফরে প্রতিরক্ষা সহযোগিতা ছাড়াও দুই দেশের মধ্যে আরও কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২০২৪ সালের শেষ দিকে বাশার আল-আসাদের পতনের পর আন্তর্জাতিক শক্তিগুলোর সঙ্গে দামেস্কের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সৌদি আরব। পাশাপাশি সিরিয়াকে আর্থিক সহায়তাও দিয়ে আসছে দেশটি।
সিরিয়ার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, উন্নয়ন ও সেবা খাতের অগ্রগতিতে ৪০ কোটি ৩ লাখ ডলারের বেশি মূল্যের রেয়াতি উন্নয়ন ঋণ দিতে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট দেশটির অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে ছয়টি চুক্তি স্বাক্ষর করেছে।