
বৃষ্টি ও মহান আল্লাহর রহমত কামনায় দেশের সর্বত্র সালাতুল ইসতিসকা আদায়ের আহ্বান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এই বিশেষ নামাজে অংশ নিতে দেশটির নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আমিরি দেওয়ানের তথ্য অনুযায়ী, আমির নিজেও লুসাইল ঈদগাহে মুসল্লিদের সঙ্গে জামাতে শরিক হয়ে নামাজ আদায় করবেন।
কাতারের আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৫টা ৫৯ মিনিটে দেশের নির্ধারিত মসজিদ ও জামাতকেন্দ্রগুলোতে একই সময়ে সালাতুল ইসতিসকা অনুষ্ঠিত হবে। এ নামাজে অংশ নিতে কাতারের নাগরিকদের পাশাপাশি সেখানে বসবাসরত প্রবাসীদেরও আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
নামাজে যোগ দেওয়ার আগে সবাইকে তওবা করা, পাপাচার থেকে দূরে থাকা এবং দান-সদকা করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিনয় ও আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মানসিকতা নিয়ে নামাজে উপস্থিত হতে বলা হয়েছে।
ইসলামি পরিভাষায় ‘ইসতিসকা’ বলতে বৃষ্টির জন্য প্রার্থনা করাকে বোঝায়। দীর্ঘদিন বৃষ্টি না হলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, ইস্তিগফার ও দোয়ার মাধ্যমে বৃষ্টির জন্য সম্মিলিতভাবে যে বিশেষ নামাজ আদায় করা হয়, সেটিই সালাতুল ইসতিসকা।
ইসলামি ঐতিহ্য অনুযায়ী, মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং তাঁর সাহাবি ও তাবেঈনেরা অনাবৃষ্টির পরিস্থিতিতে আল্লাহর রহমত কামনা করে ইস্তিগফার ও দোয়া করতেন। এ সময় তাঁরা একত্র হয়ে বিশেষ নামাজ আদায় করতেন এবং বৃষ্টির জন্য প্রার্থনা জানাতেন।
আগের বছরগুলোর মতো এবারও জাতীয় পর্যায়ে মহানবী (সা.)-এর এই সুন্নাহ পালনের উদ্যোগ নিয়েছে কাতার।