
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ নতুন মাত্রা পেয়েছে। ইরানের হামলায় সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটি প্রিন্স সুলতান বন্দরে যুক্তরাষ্ট্রের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
শনিবার (১৪ মার্চ) মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট।
প্রতিবেদন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত পাঁচটি উড়োজাহাজই সৌদি আরবে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি প্রিন্স সুলতান বিমান বন্দরের।
কর্মকর্তারা জানিয়েছেন, এগুলো সবই আকাশে জ্বালানি সরবরাহে ব্যবহৃত রি-ফুয়েলিং বিমান।
মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক কয়েক দিনের মধ্যে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এসব বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়নি এবং মেরামত করে আবারও ব্যবহারের উপযোগী করা সম্ভব হবে।
এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি বলেও কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি KC‑135 Stratotanker রি-ফুয়েলিং যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিমানটিতে চালক ও সহ-চালকসহ মোট ছয়জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
উল্লেখ্য, আকাশে উড্ডয়নরত যুদ্ধবিমানকে মাঝপথে জ্বালানি সরবরাহের জন্য বিশেষ ধরনের রি-ফুয়েলিং উড়োজাহাজ ব্যবহার করা হয়। গত শতকের পঞ্চাশের দশক থেকেই যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী নিয়মিতভাবে এ ধরনের বিমান ব্যবহার করছে, যা মার্কিন সামরিক সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।
তথ্যসূত্র: দ্য জেরুজালেম পোস্ট