
ইরানের সঙ্গে তেল বাণিজ্যিক সম্পৃক্ততার অভিযোগে ভারতের চারটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (২৪ আগস্ট) এক বিবৃতিতে জানায়, ইরান থেকে তেল আমদানি, মজুত, স্থানান্তর ও বিক্রির পাশাপাশি তেল রপ্তানিতে সহায়তা দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানগুলোকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। নিষেধাজ্ঞাপ্রাপ্ত কোম্পানিগুলো হলো—পোর্টিস পার্টনার এলএলপি, সদাশিব ওভারসিজ লিমিটেড, পিআর সফটটেক প্রাইভেট লিমিটেড এবং প্রাকৃতিস ইনফ্রা ইমপেক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।
বিবৃতিতে বলা হয়, ইরানের সামরিক বাহিনী ও জ্বালানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে একটি অর্থনৈতিক অভিযান শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ভারতের চারটি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এর আগে গত ১৯ আগস্ট ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান ঘোষণার কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরানকে চুক্তিতে আসার জন্য অনেক সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু দেশটি সেসব সুযোগ কাজে লাগাতে পারেনি। এখন তাদের বিরুদ্ধে এমন অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হবে, যার ফলে আন্তর্জাতিক বাণিজ্য থেকে ইরান নজিরবিহীনভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে।
একই সঙ্গে ইরানের মিত্র দেশগুলোকে সতর্ক করে ট্রাম্প বলেন, কোনো দেশ যদি ইরানকে অর্থনৈতিক সহায়তা দেয়, তা তেল চোরাচালান, নগদ লেনদেন, জাহাজ নিবন্ধন কিংবা ভুয়া কোম্পানির মাধ্যমে হলেও, সেই দেশকেও কঠোর পরিণতির মুখে পড়তে হবে।
সূত্র: এএনআই