
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আহভাজ শহরের কাছে নতুন করে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় অন্তত চারজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা। একই সময়ে জর্ডানে সাইরেন বেজে ওঠা এবং কুয়েতে বিস্ফোরণের খবরও প্রকাশিত হয়েছে। তবে এসব ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
শুক্রবার (২৪ জুলাই) আল জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের খুজেস্তান প্রদেশের স্থানীয় কর্মকর্তারা আহভাজের কাছে হামলা এবং হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তবে নিহতদের পরিচয় কিংবা হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা, ইরাকভিত্তিক আল-আহদ টেলিভিশনের বরাতে জানিয়েছে, কুয়েতের বিভিন্ন এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে দক্ষিণ ইরাক থেকেও শব্দ শোনা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
একই সময়ে জর্ডানের রাজধানী আম্মানে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠার খবরও প্রকাশিত হয়েছে। তবে কুয়েত ও জর্ডান কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা প্রতিক্রিয়া দেয়নি।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা টানা ১৩তম রাতের মতো ইরানে সামরিক অভিযান পরিচালনা করেছে। সংস্থাটির দাবি, সর্বশেষ অভিযানে ইরানের সামরিক কমান্ড সেন্টার, ড্রোন সংরক্ষণাগার, যোগাযোগ অবকাঠামো, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং সামুদ্রিক সক্ষমতার বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে।
সেন্টকমের ভাষ্য, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ইরানের হুমকি কমানোর লক্ষ্যেই এসব অভিযান পরিচালিত হচ্ছে।
মার্কিন সামরিক বাহিনী আরও দাবি করেছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাম্প্রতিক হামলার পরও হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌপরিবহনের জন্য উন্মুক্ত রয়েছে এবং তাদের সহায়তায় বাণিজ্যিক জাহাজগুলো নিরাপদে চলাচল করছে।
তথ্যসূত্র: আল জাজিরা