
ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যেই এই ঘটনার খবর সামনে এলো।
হরমুজ প্রণালির তীরে অবস্থিত বন্দর আব্বাস ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক কেন্দ্র। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে বিমান হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি মিত্র দেশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ফলে উভয় পক্ষের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে, যা দুই দেশের মধ্যকার অন্তর্বর্তী চুক্তিকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
এসব ঘটনার কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালিতে জাহাজ লক্ষ্য করে সাম্প্রতিক ইরানি হামলার মাধ্যমে যুদ্ধবিরতির কার্যকারিতা শেষ হয়ে গেছে। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের হামলা অব্যাহত থাকলে সংঘাত আরও তীব্র হতে পারে।
এর আগে ইরানের বুশেহর প্রদেশ থেকেও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া যায়। এই প্রদেশেই অবস্থিত ইরানের একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় বুশেহরের পারমাণবিক স্থাপনাটি একাধিকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। এতে সম্ভাব্য পারমাণবিক দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয় এবং বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনেও গভীর উদ্বেগের জন্ম দেয়।