
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বান্দুং অঞ্চলে ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া ৮২ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।
শনিবার (২৪ জানুয়ারি) জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি বলেন, “নিখোঁজের সংখ্যা অনেক বেশি। আজ আমরা সর্বোচ্চ সক্ষমতা দিয়ে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করব।”
স্থানীয় সংবাদমাধ্যম কমপাস জানিয়েছে, শনিবার ভোর আনুমানিক ২টার দিকে (গ্রিনিচ মান সময় শুক্রবার রাত ৭টা) পশ্চিম বান্দুংয়ের পাসিরলাঙ্গু গ্রামে এই ভূমিধস ঘটে। তখন বেশিরভাগ মানুষ ঘুমিয়ে ছিলেন।
স্থানীয় আরডব্লিউ চেয়ারম্যানের বরাতে জানা যায়, মাউন্ট বুরাংরাং পাহাড়ের ঢাল থেকে নেমে আসা প্রবল পানির স্রোতে প্রায় ৩০টি বাড়ি মাটির নিচে চাপা পড়ে।
এদিকে চিতারুম ও চিবিত নদীর পানি উপচে পড়ায় পশ্চিম জাভার কারাওয়াং জেলার ৩০টি উপজেলার মধ্যে ২০টিতে বন্যা দেখা দিয়েছে। নদীর কাছাকাছি বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা আগেই পশ্চিম জাভা প্রদেশে এক সপ্তাহ ধরে চরম আবহাওয়ার সতর্কতা জারি করেছিল। সেখানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও ছিল।
স্থানীয় প্রশাসন আরও জানিয়েছে, ভূমিধসপ্রবণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা প্রায় ৩০ হেক্টর (৭৪ একর) বিস্তৃত।
প্রাণঘাতী এই দুর্যোগের জন্য দায়ী হিসেবে ইন্দোনেশিয়ান সরকার ছয়টি কোম্পানির বিরুদ্ধে পরিবেশ নষ্টের অভিযোগে মামলা করেছে।
সূত্র: আল জাজিরা