
সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পরপরই একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গত জুলাইয়ে প্রতিবেশী ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার পর এই প্রথম সৌদি রাজধানী সরাসরি হামলার ঘটনায় আক্রান্ত হয়েছে বলে শনিবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে ডন।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার ভোর ৩টার কিছু আগে রিয়াদের বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। এতে এলাকাটিকে ‘শত্রুভাবাপন্ন আকাশপথের হুমকির’ মধ্যে রয়েছে জানিয়ে সবাইকে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়।
সতর্কবার্তা পাওয়ার অল্প সময়ের মধ্যেই দুই দফা বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা। এতে রাজধানীজুড়ে আতঙ্ক তৈরি হয়।
এর প্রায় ৩০ মিনিট পর বিমান হামলার সতর্কতা প্রত্যাহার করে সৌদি কর্তৃপক্ষ। দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি এক বার্তায় জানায়, তাৎক্ষণিক বিপদের পরিস্থিতি কেটে যাওয়ায় বিশেষ সতর্কতা তুলে নেওয়া হয়েছে।
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা অতীতে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে রিয়াদে সর্বশেষ ঘটনার ক্ষেত্রে হামলার উৎস, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।
জুলাই থেকে ইয়েমেনে সংঘাত ও আঞ্চলিক উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিকবার নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা ও বিস্ফোরণের শব্দ শোনার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।