
আবাসন সংকট নিয়ে দেশজুড়ে চলমান বিক্ষোভের মধ্যেই আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগামী ২৯ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (৫ অক্টোবর) মাদ্রিদের মনক্লোয়া প্রাসাদ থেকে জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণা করেন সানচেজ।
ভাষণে তিনি বলেন, দেশের মানুষকে এখন সিদ্ধান্ত নিতে হবে—তারা নিজেদের এবং স্পেনের জন্য কী ধরনের ভবিষ্যৎ চান।
আবাসন নীতি নিয়ে সরকারের ব্যর্থতার পর নির্বাচন
সরকারের আবাসন সংকট মোকাবিলার উদ্যোগ পার্লামেন্টে ধাক্কা খাওয়ার পরই আগাম নির্বাচনের ঘোষণা এলো। সংকট নিরসনে সরকারের নেওয়া দুটি রয়্যাল ডিক্রি পার্লামেন্টের অনুমোদন পেতে ব্যর্থ হওয়ার ৭২ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই সিদ্ধান্ত জানালেন প্রধানমন্ত্রী।
সানচেজ নিজেই স্বীকার করেছেন, তার সরকার কিছু ক্ষেত্রে ভুল করেছে এবং যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তার সব বাস্তবায়ন করতে পারেনি।
তার ভাষ্য, দেশে বৈষম্য কমাতে প্রয়োজনীয় সংস্কার অব্যাহত রাখতে সরকারের প্রতি জনগণের সমর্থন নতুন করে অর্জন করা এবং সেই সমর্থনের পরিধি বাড়ানো জরুরি হয়ে পড়েছে।
রাজপথের আন্দোলন ছড়িয়ে পড়ছে বিভিন্ন শহরে
স্পেনের আবাসন সংকটকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে রাজপথের আন্দোলনও তীব্র হয়েছে। রাজধানী মাদ্রিদের কেন্দ্রস্থল পুয়ের্তা দেল সোলে কয়েক দিন ধরে শত শত মানুষ অবস্থান ধর্মঘট পালন করছেন।
শুধু মাদ্রিদেই সীমাবদ্ধ থাকেনি এই আন্দোলন। গত এক সপ্তাহে দেশটির বিভিন্ন শহরেও আবাসন ব্যয় ও সংকটের প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
আবাসনের ক্রমবর্ধমান ব্যয় ও সাধারণ মানুষের জন্য বাসস্থান নিশ্চিত করার দাবিতে চলমান এই গণআন্দোলনের মধ্যেই নির্বাচনের ঘোষণা দিলেন সানচেজ। ফলে আসন্ন ভোটে আবাসন সংকট এবং সরকারের এ-সংক্রান্ত নীতিই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে।